ফেনী মডেল থানার উদ্যোগে বালিগাঁও ইউনিয়নের সুন্দরপুর বাজারে মাদকবিরোধী সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৪টায় সুন্দরপুর বাজারে স্থানীয়দের অংশগ্রহণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বালিগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক বাহারের নেতৃত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী মডেল থানার এসআই (নিঃ) মোনেম শাহরিয়ার শাহরিয়া এবং এসআই (নিঃ) মোহাম্মদ ইমরান।
মোহাম্মদ দিদারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বালিগাঁও ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তাদের মধ্যে বালিগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ওবায়দুল হক আইয়ুব, সদস্য সচিব কাজী কামরুল আহছান এবং ফেনী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মামুন অন্যতম।
সমাবেশে বক্তারা বালিগাঁও এলাকার মাদক সংক্রান্ত বিভিন্ন চিহ্নিত সমস্যা তুলে ধরেন এবং তা নিরসনের নানা দিক নিয়ে আলোচনা করেন। উপস্থিত পেশাজীবী, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সর্বস্তরের জনগণ সমাজ থেকে মাদক নির্মূলে থানা পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার দৃঢ় আশ্বাস প্রদান করেন। সমাবেশ শেষে সুন্দরপুর বাজারে একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়।