ফেনীতে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ আগস্ট শনিবার “সামাজিক অবক্ষয় প্রতিরোধে করণীয় ও পরিচ্ছন্ন পরিবেশ ভাবনা” শীর্ষক মতবিনিময় সভা ডাঃ সাজ্জাদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট, ফেনী জেলার উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মীর মাসুদ পারভেজ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সৈয়দ আবদুল্লাহ আল মামুন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসান উদ্দিন, সদর থানা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, জাসাস ফেনী জেলার সভাপতি কাজী ইকবাল আহাম্মেদ পরান এবং দৈনিক আগামীর সময়ের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান দারা ।
সভায় ফেনী জেলার ৩৫টি শীর্ষস্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। আলোচনায় অংশগ্রহণকারী বক্তারা প্রায় সকলেই একমত পোষণ করেন যে, সাংস্কৃতিক কর্মকাণ্ডের অপ্রতুলতার কারণেই মূল্যবোধহীন সংস্কৃতির প্রভাবে আজ সমাজ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য যে কোনো মূল্যে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।
সভায় বক্তারা জহির রায়হান হল পুনর্নির্মাণের বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি হল পুনর্নির্মাণের আগে অন্তত একটি মুক্তমঞ্চ নির্মাণের দাবি জোরালোভাবে উত্থাপিত হয় সভায়।
প্রধান অতিথি তার বক্তব্যে উপস্থিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের বক্তব্যের সাথে সংহতি প্রকাশ করেন এবং জেলার সাংস্কৃতিক কর্মকাণ্ডের সকল ইতিবাচক উদ্যোগের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।