
ফেনী প্রতিনিধি:-
অগ্নিযোদ্ধাদের একটাই প্রাণ নিরাপদ রাখবো সম্পদ ও জীবন এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে ফেনীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপিত হয়েছে।
ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন চত্বরে আয়োজিত মূল অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা হক।
এ সময় উপস্থিত ছিলেন ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান পিপুল, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন হেলালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
দিবসটি উপলক্ষে সকাল থেকেই ফায়ার স্টেশন চত্বরে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানের শুরুতেই ফায়ার সার্ভিসের একটি চৌকস দল প্রধান অতিথিকে গার্ড অব অনার প্রদান করে। এরপর ফায়ার সার্ভিসের আধুনিক ও আধুনিকায়নকৃত বিভিন্ন উদ্ধারকাজে ব্যবহৃত সরঞ্জামাদির প্রদর্শনী করা হয়।
উদ্বোধন শেষে ফায়ার সার্ভিসের কর্মীরা এক আকর্ষক মহড়ার আয়োজন করেন। কীভাবে বহুতল ভবন থেকে আটকে পড়া মানুষকে উদ্ধার করতে হয় এবং গ্যাস সিলিন্ডার ও রাসায়নিকের আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়, তা বাস্তব রূপরেখার মাধ্যমে উপস্থিত দর্শক ও অতিথিদের সামনে তুলে ধরা হয়।
মহড়া শেষে স্টেশন মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ হারুন পাশার সভায় বক্তারা বলেন:
”ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বর্তমান সময়ে যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে এই বাহিনীর সদস্যরা নিজেদের জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন।
বক্তারা আরও উল্লেখ করেন, কেবল ফায়ার সার্ভিসের ওপর নির্ভর না করে সাধারণ জনগণকে, বিশেষ করে তরুণ প্রজন্মকে অগ্নি-নির্বাপণ ও প্রাথমিক উদ্ধারকাজের বিষয়ে সচেতন এবং প্রশিক্ষিত হতে হবে।
এছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে জেলার বিভিন্ন উপজেলা, গুরুত্বপূর্ণ হাটবাজার ও শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নি-নির্বাপণ মহড়া এবং লিফলেট বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে জেলার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী, সিভিল ডিফেন্সের ভলান্টিয়ার এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।