
দাগনভূঞা প্রতিনিধি: ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর এলাকায় লাইসেন্স নবায়ন না করে কার্যক্রম পরিচালনা করায় একটি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের ‘ইকবাল ব্রিকস’-এ এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম।
আদালত সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী যথাযথ লাইসেন্স নবায়ন না করে ব্যবসা পরিচালনা করার অপরাধে ওই ইটভাটার মালিককে একটি মামলায় ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম জানান, লাইসেন্স নবায়ন না থাকায় জনস্বার্থে এই জরিমানা করা হয়েছে। পরিবেশ রক্ষা ও সরকারি আইন বাস্তবায়নে উপজেলার বিভিন্ন স্থানে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।