ফেনী প্রতিনিধি:-
পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষার প্রত্যয়ে ফেনীতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান। শনিবার দুপুরে ফেনী শহরতলীর কাজীরবাগ ইকোপার্কে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন ফেনীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হক।
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ফেনী জেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মনিরা হক বলেন,জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে আমাদের সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে এবং সেগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসন ও বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে ইকোপার্ক প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।